রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা!

রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা, শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। সেই ধারাবাহিকতায় রিলায়েন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।আদানির পর এবার রিলায়েন্সের মতো বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যের শীর্ষস্তরে বৈঠক হওয়ায় নতুন করে শিল্পমহলের নজর পড়েছে বাংলার দিকে। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে নির্দিষ্ট কোনও বিনিয়োগ প্রকল্প, বিনিয়োগের পরিমাণ বা সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা করা হয়নি।রাজ্যে শিল্পের প্রসার ঘটিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আগামী দিনে এই ধরনের আরও আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলে গুরুত্ব দেওয়া হচ্ছে।