Skip to content

নারী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি, রাজ্যজুড়ে চালু দুর্গাসুরক্ষা স্কোয়াড ও সাইবার হেল্পডেস্ক!

অভিজিৎ সাহা: নারী নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নারী হেনস্তার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। রাস্তাঘাটে মহিলাদের উত্যক্ত করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী বলেন, নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে চালু করা হয়েছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী মোটরবাইকে চড়ে বিভিন্ন এলাকায় টহল দেবে এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
পাশাপাশি রাজ্যের প্রায় ৫০০ থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক চালুর কথা ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এই হেল্পডেস্ক পরিচালনা করবেন। গার্হস্থ্য হিংসা, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থাও থাকবে।

নারী নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাইবার অপরাধ রোধেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি থানায় চালু করা হয়েছে সাইবার হেল্পডেস্ক। মুখ্যমন্ত্রী জানান, প্রতারণার ঘটনায় দ্রুত অভিযোগ জানানো গেলে অর্থ হাতবদল হওয়ার আগেই তা রোখা সম্ভব। এজন্য সাধারণ মানুষকে ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, বসিরহাট, বনগাঁ ও বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে দুর্গাসুরক্ষা স্কোয়াডের জন্য অত্যাধুনিক মোটরবাইক এবং রিয়েল-টাইম অডিও-ভিডিও ট্রান্সমিশন ব্যবস্থাও চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘটনাস্থল থেকে সরাসরি তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।বৈঠকে মুখ্যমন্ত্রী সাইবার অপরাধকে ‘মহামারীর আকার ধারণ করা সমস্যা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি প্রকল্পে আবেদনকারী সাধারণ মানুষের ব্যাংক সংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। প্রবীণ নাগরিকদের সঞ্চিত অর্থ হারানোর মতো ঘটনাও উদ্বেগজনক। তাই সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে।এছাড়াও সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর জন্য ১৯৩০ হেল্পলাইন নম্বর এবং ‘সহযোগ’ পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রোটোকল মেনে নির্ভয়ে কাজ করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা বা বাধা সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Latest