অভিজিৎ সাহা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া (৯৩.৮৪ শতাংশ) এবং তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৯৩.৭১ শতাংশ)।চলতি বছর নতুন সেমেস্টার পদ্ধতিতে চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতির ফলও একসঙ্গে প্রকাশ করা হয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন এবং পুরোনো পদ্ধতিতে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন।এ বছরের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তিনি ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। শতাংশের হিসেবে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২।দ্বিতীয় স্থানে রয়েছেন তিন জন পরীক্ষার্থী। তাঁরা প্রত্যেকেই পেয়েছেন ৪৯৫ নম্বর। এই তালিকায় রয়েছেন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র জিষ্ণু কুণ্ডু এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাঁচাল।সংসদ আরও জানিয়েছে, নতুন ব্যবস্থায় কোনও পরীক্ষার্থী নিজের ফল নিয়ে অসন্তুষ্ট হলে আগামী বছরে পুনরায় পরীক্ষায় বসে নম্বর উন্নতির সুযোগ পাবেন। সেক্ষেত্রে চলতি বছরের ফল জমা দিয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে খুশির আবহ তৈরি হয়েছে। বহু জায়গায় কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। শিক্ষক ও অভিভাবকদের মতে, নিয়মিত অধ্যবসায়, পরিকল্পিত পড়াশোনা এবং মানসিক স্থিরতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।
৯৯.২ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম আদৃত, উজ্জ্বল নরেন্দ্রপুর!