চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার বসানোর কাজ শেষ,স্বাভাবিক হল যান চলাচল-স্বস্তির নিশ্বাস ইএম বাইপাসে!

চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার বসানোর কাজ শেষ,স্বাভাবিক হল যান চলাচল-স্বস্তির নিশ্বাস ইএম বাইপাসে!

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের প্রথম কর্মদিবসেই বড় স্বস্তির খবর ইএম বাইপাসে। রাজ্য সরকারের সহযোগিতায় নির্ধারিত সময়ের অনেক আগেই চিংড়িঘাটায় শেষ হলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের গার্ডার লঞ্চিংয়ের কাজ। সোমবার ভোর ৫টা থেকেই ইএম বাইপাসে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল চিংড়িঘাটা ক্রসিংয়ে সফলভাবে গার্ডার বসানোর কাজ সম্পন্ন করেছে কলকাতা মেট্রো। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। কমবে যাতায়াতের সময়, পাশাপাশি লক্ষ লক্ষ যাত্রী পাবেন দ্রুত, আরামদায়ক ও নির্বিঘ্ন মেট্রো পরিষেবার সুবিধা।

রাজ্য সরকার ও কলকাতা পুলিশের সবুজ সঙ্কেত পাওয়ার পর গত শুক্রবার থেকেই কাজ শুরু করে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। এই প্রকল্পের জন্য দু’দফায় মোট ১২০ ঘণ্টার ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছিল। প্রথম দফায় ৬০ ঘণ্টার ট্রাফিক ব্লকের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজ শেষ করা সম্ভব হয়েছে। আগামী ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় দফার ৬০ ঘণ্টার ট্রাফিক ব্লক নিয়ে বাকি কাজ সম্পূর্ণ করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেলেঘাটা থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই রুট চালু হলে যাত্রীরা সহজেই আইটি সেন্টারে পৌঁছে অন্যান্য লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন। ফলে বিমানবন্দর যাতায়াত থেকে শুরু করে সল্টলেক সেক্টর ফাইভে কর্মসূত্রে যাতায়াত—সবই আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়ে উঠবে।