অভিজিৎ সাহা : সই-সংক্রান্ত বিতর্ককে ঘিরে রাজ্য রাজনীতিতে যখন জোর চর্চা চলছে, সেই আবহেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সোমবার দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।দলীয় সূত্রে খবর, বহিষ্কারের বিষয়ে বিধানসভার স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দুই বিধায়ককেও ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।গত কয়েকদিন ধরে বিধানসভার একটি নথিতে সই নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টির তদন্তে নেমে সিআইডি একাধিক জায়গায় তল্লাশি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাই প্রথমে বিষয়টি নিয়ে স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভা সচিবালয় থানায় অভিযোগ দায়ের করে এবং তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।অন্যদিকে, বহিষ্কারের সিদ্ধান্তের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের দাবি, একটি উপস্থিতি খাতার পাতা অন্য নথি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তাঁরা আপত্তি জানিয়েছিলেন। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ।এদিকে দলের সিদ্ধান্তকে সমর্থন করে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি ইঙ্গিতপূর্ণ বার্তায় দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পক্ষে সওয়াল করেন।সই-বিতর্ক, সিআইডি তদন্ত এবং দুই বিধায়কের বহিষ্কার— সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি এবং আগামী দিনে এই ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সই-বিতর্কে তৃণমূলে বড় পদক্ষেপ, বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা!