নিজস্ব সংবাদদাতা: রাজ্যে জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করতে সোমবার সল্টলেকের বিকাশ ভবনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, স্কুলশিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৮১ হাজার স্কুলের পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি স্কুলকে পরিচ্ছন্ন, আধুনিক ও শিক্ষাবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য। তিনি স্পষ্ট ভাষায় জানান, “শিক্ষাকে পণ্য হতে দেওয়া হবে না। কেন্দ্র ও রাজ্য উভয়েরই শিক্ষার উন্নয়নে সমান দায়িত্ব রয়েছে। আমরা শিক্ষাকে আরও উচ্চমানে নিয়ে যেতে বদ্ধপরিকর।” সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সমস্ত স্কুলে মিড-ডে মিল রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হবে। পাশাপাশি স্কুলগুলিতে ধাপে ধাপে সৌরবিদ্যুৎ (সোলার সিস্টেম) স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের জন্য অ্যাকোয়া গার্ড বসানো এবং মেয়েদের স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এদিনের বৈঠকে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার রূপরেখা, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার উন্নয়ন, স্কুলছুটের হার কমানো এবং শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী আরও জানান, স্কুলগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে প্রতিটি স্কুলে অভিভাবকদের নিয়ে পৃথক কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত পর্যালোচনা ও মতবিনিময়ের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে অতীতে শিক্ষক নিয়োগ, মিড-ডে মিলসহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমান সরকার দাবি করছে, জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে নতুন রূপ দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।
জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে রাজ্যের রোডম্যাপ, বড় বার্তা মুখ্যমন্ত্রীর