নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ফের বড় আপডেট সামনে আনল নির্বাচন কমিশন। রবিবার গভীর রাতে প্রকাশ করা হল দ্বাদশ (১২তম) অতিরিক্ত ভোটার তালিকা, যার ফলে ধারাবাহিকভাবে প্রকাশিত সম্পূরক তালিকার সংখ্যা আরও বাড়ল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ৬ হাজারেরও বেশি বিবেচনাধীন তথ্যের নিষ্পত্তি হয়েছে, যা শনিবারের তুলনায় প্রায় এক লক্ষ বেশি।তবে এখনও পর্যন্ত কত জনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হল এবং কত জনের নাম বাদ পড়ল, সেই নির্দিষ্ট হিসাব আলাদা করে প্রকাশ করেনি কমিশন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রথম অংশ প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিলেন। কমিশনের দাবি, বাকি যাচাই প্রক্রিয়াও শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং সোমবার রাতের মধ্যেই সব নামের নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এদিন বিষয়টি নিয়ে শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ৬ এপ্রিল রাতের মধ্যেই ৬০ লক্ষ নামের নিষ্পত্তি সম্পূর্ণ করতে হবে, যাতে দ্রুত চূড়ান্ত সম্পূরক তালিকা প্রকাশ করা যায়। একই সঙ্গে আদালত জানিয়েছে, বাদ পড়া নামের ক্ষেত্রে বিচারকদের দেওয়া কারণগুলি খতিয়ে দেখতে ১৯টি আপিল ট্রাইব্যুনাল একই পদ্ধতি অনুসরণ করবে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৩ এপ্রিল।শীর্ষ আদালত আরও স্পষ্ট করেছে, আপিল ট্রাইব্যুনালগুলি বাদ যাওয়া ভোটারদের ক্ষেত্রে বিচারকদের নথিভুক্ত কারণ পর্যালোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবে। মঙ্গলবারের মধ্যেই এই প্রাথমিক আপিল প্রক্রিয়া শেষ হওয়ার আশাবাদও ব্যক্ত করেছে আদালত। তবে আপিল শুধুমাত্র কলকাতায় জমা হবে, নাকি অন্য জেলাতেও সেই সুযোগ থাকবে— সেই সিদ্ধান্ত তিন সদস্যের কমিটির উপরই ছেড়ে দেওয়া হয়েছে।ভোটের মুখে এই অতিরিক্ত তালিকা প্রকাশ এবং সুপ্রিম কোর্টের কড়া সময়সীমা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।
রাতে প্রকাশ ১২তম অতিরিক্ত ভোটার তালিকা, ৬০ লক্ষ নাম নিষ্পত্তিতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট!