অভিজিৎ সাহা : সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই বড়সড় সম্প্রসারণ ঘটল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়। সোমবার রাজভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ার পর রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০-এ।রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। সূত্রের খবর, বিকেলের মধ্যেই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়াও আরও ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বলে জানা গিয়েছে।এদিন শপথগ্রহণকারী বিশিষ্ট নেতাদের মধ্যে ছিলেন তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শংকর ঘোষ, অর্জুন সিং, অশোক দিন্দা, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস-সহ একাধিক নেতা। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় ও রাজেশ মাহাতো।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮টি আসনে জয়লাভ করে বিজেপি সরকার গঠন করে। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। এবার প্রশাসনিক কাজের চাপ ভাগ করে নিতে মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন সদস্য।

রাজনৈতিক মহলের মতে, এই সম্প্রসারণের ফলে প্রশাসনিক কাজে গতি আসবে এবং বিভিন্ন দপ্তরের কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।