Skip to content

‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন আনার ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!

অভিজিৎ সাহা : ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন। শুভেন্দু অধিকারী বলেন, “এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান”— শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পরিচালিত হবে। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার পাশাপাশি ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বাংলার মাটিতে কোনও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। অনুপ্রবেশ রুখতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ধর্মীয় নির্যাতনের কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্ব দেওয়ার পক্ষেও সওয়াল করেন।বক্তব্যে তিনি চৈতন্য মহাপ্রভু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের উল্লেখ করে বলেন, তাঁদের আদর্শের বাংলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কোনও স্থান নেই।পরে ভবানীপুরে একটি বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই কার্যালয় থেকে প্রতিদিন সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনসেবামূলক পরিষেবা প্রদান করা হবে।

Latest