নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল হিসাবে বৃহস্পতিবার কলকাতার লোকভবনে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। সকাল সাড়ে ১১টা নাগাদ নির্ধারিত সময় মেনেই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তি। শপথগ্রহণের আগে এবং পরে জাতীয় গান বন্দে মাতরম্ এবং জাতীয় সঙ্গীত জনগণমন বাজানো হয়। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী-সহ অতিথিদের সঙ্গে আলাপ করেন নতুন রাজ্যপাল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার পর স্থায়ী রাজ্যপাল হিসাবে রবিকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বুধবারই তিনি কলকাতায় পৌঁছন এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন রাজ্যের ডিএমকে সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন রবি। বিভিন্ন বিল ও প্রশাসনিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। এমনকি রাজ্যপালকে অপসারণের দাবিতে তামিলনাড়ু সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল। নতুন রাজ্যপালের দায়িত্বগ্রহণকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে রাজ্য ও রাজভবনের সম্পর্ক কোন দিকে গড়াবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।