Skip to content

কলকাতার পাসপোর্ট অফিসে বোমা হুমকি- রাজ্যজুড়ে পোস্ট অফিস ও আদালতে আতঙ্কের ইমেল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি বেলা গড়াতেই কলকাতায় ফের বোমাতঙ্ক। শহরের ব্রেবোর্ন রোড ও আনন্দপুরের পাসপোর্ট অফিসে একযোগে পৌঁছয় হুমকি ইমেল। বার্তায় দাবি করা হয়, অফিস চত্বরে বোমা রাখা আছে। খবর ছড়াতেই মুহূর্তে খালি করে দেওয়া হয় দু’টি অফিস। আতঙ্কে কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। পুলিশকুকুর নিয়ে শুরু হয় তল্লাশি।শুধু কলকাতা নয়, একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও একই ধরনের হুমকি মেল পৌঁছয়। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দান পোস্ট অফিসে আসে বোমা রাখার দাবি করা ইমেল। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় গোটা ভবন। পুলিশ ও বম্ব স্কোয়াডের তল্লাশি শুরু হয় সেখানে। একইভাবে হুমকি যায় আসানসোল হেড পোস্ট অফিস এবং পূর্ব মেদিনীপুর তমলুকের মুখ্য ডাকঘর, বসিরহাট হেড পোস্ট অফিসেও।উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হচ্ছে। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালত ও পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বোমা হামলার হুমকি আসে। একই দিনে আতঙ্ক ছড়ায় হুগলির চুঁচুড়া আদালতেও। যদিও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোথাও সন্দেহজনক কিছু মেলেনি।মঙ্গলবারের পর বুধবার ফের বোমাতঙ্ক ছড়ায় আসানসোল জেলা ও দায়রা আদালতে। পশ্চিম বর্ধমানের জেলা বিচারকের কাছে পাঠানো মেলে লেখা ছিল, “আদালতে বোমা রাখা আছে, কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে।” শুধু আসানসোল নয়, বীরভূমের সিউড়ি জেলা আদালতেও একই ধরনের হুমকি পৌঁছয়।ক্রমাগত এই হুমকি ইমেল ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। ইমেলগুলির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তবে একের পর এক ভুয়ো হুমকি নাকি বড় কোনও চক্রান্ত—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্যজুড়ে।

Latest