নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘যাত্রা উৎসব ২০২৬’-এর। কুড়ি দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক ও অভিনেতা ও পরিচালক রুদ্রনীল ঘোষ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও অভিনেতা ও পরিচালক তপন গাঙ্গুলী, চন্দন সেন-সহ যাত্রা ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সদস্যবৃন্দ, যাত্রাশিল্পী এবং কলাকুশলীরা।বাংলার লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী মাধ্যম যাত্রাশিল্পকে আরও সমৃদ্ধ ও জনপ্রিয় করে তুলতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলার যাত্রা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন।

অর্ধশতাব্দীরও বেশি ঐতিহ্য বহনকারী এই সংগঠন যাত্রাশিল্পের সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।আয়োজকদের আশা, এই কুড়ি দিনের যাত্রা উৎসব বাংলার সমৃদ্ধ লোকনাট্য সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরবে এবং যাত্রাশিল্পের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করবে।