নিজস্ব সংবাদদাতা : প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গোটা দেশকে বিস্মিত করেছিলেন অরিজিৎ সিং। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি যেন বদলে গেল। সম্প্রতি আমির খান প্রযোজিত ‘এক দিন’ ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু—তাহলে কি আবারও প্লে-ব্যাক জগতে ফিরছেন জনপ্রিয় এই শিল্পী? ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অরিজিৎ। জানিয়ে দিলেন, শুধু এ বছরই নয়, আগামী বছর পর্যন্তও বড়পর্দায় শোনা যাবে তাঁর কণ্ঠ। মঙ্গলবার তিনি এক্স (টুইটার)-এ অনুরাগীদের উদ্দেশ্যে দীর্ঘ বার্তা পোস্ট করেন। সেখানে স্পষ্ট ভাষায় লেখেন, নতুন কোনও দায়িত্ব তিনি নিচ্ছেন না ঠিকই, কিন্তু তাঁর ঝুলিতে এখনও বহু অসমাপ্ত গান রয়ে গেছে।

অরিজিৎ লেখেন, এই বার্তা কেবল তাঁর শ্রোতাদের জন্য। তিনি সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দীর্ঘদিনের চেষ্টার পরই তিনি নতুন কাজ নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে গানগুলি ইতিমধ্যে রেকর্ড বা প্রক্রিয়াধীন, সেগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একে একে প্রকাশ পেতে থাকবে। তাঁর কথায়, “অনেক অসমাপ্ত গান আছে। সেগুলো শেষ না হওয়া পর্যন্ত মুক্তি পাবে। হয়তো পুরো বছর জুড়ে, হয়তো আগামী বছরও।”গায়কের এই স্পষ্টীকরণে স্বস্তির হাসি ফুটেছে ভক্তদের মুখে। কারণ অবসরের ঘোষণার পর থেকেই হতাশা ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আগেই লিখেছিলেন, প্লে-ব্যাক শিল্পী হিসেবে আর নতুন দায়িত্ব নেবেন না। সেটিকে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছিলেন।তবে এ বার্তায় আরেকটি অনুরোধও রাখেন অরিজিৎ—তাঁর সিদ্ধান্ত নিয়ে যেন কেউ অযথা বিতর্কে না জড়ান।স্পষ্ট কথা, নতুন গান হাতে নিচ্ছেন না ঠিকই, কিন্তু রেকর্ড করা সুর থেমে নেই। ফলে আপাতত অরিজিতের কণ্ঠ থেকে বঞ্চিত হচ্ছেন না শ্রোতারা। বলিউডের ‘গেরুয়া’ কণ্ঠ এখনও ভেসে আসবে প্রেক্ষাগৃহে—এটাই আপাতত বড় খবর।