Skip to content

আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩বন্ধু,গুরুতর আহত ১

1 min read

নিজস্ব সংবাদদাতা: প্রতিদিন রাত হলেই চারচাকা গাড়ি নিয়ে হাইওয়েতে ছুটে বেড়ানো ছিল তাঁদের নেশা। শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তিন তরুণের। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও এক যুবক। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার জেলার পুটিমারি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বন্ধু একটি চারচাকা গাড়িতে করে বারোবিশার দিকে যাচ্ছিলেন। গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে জাতীয় সড়কের ধারে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে প্রদীপ ঘোষ, অভিজিৎ দাস ও দ্বীপ দাসের। তাঁদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে। গুরুতর আহত যুবকের নাম বিনয় পাল চৌধুরী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিনয়েরই ছিল।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দারা। তাঁরা দেখেন, তিন যুবক রাস্তার উপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন। গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করা হয়। চারজনকেই দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃত তিন যুবকের বাড়ি আলিপুরদুয়ারের বিবেকানন্দ ক্লাব এলাকা, রাজাভাতখাওয়া ও জিতপুর এলাকায়। আহত যুবক ভোলারডাবরি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, চারজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মাঝেমধ্যেই গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে। তবে দুর্ঘটনার সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মাদক জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাই। তিনজনের মৃত্যু হয়েছে। পুরো ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে।”এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Latest

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতিদরিদ্র ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও গুণীজন সম্বর্ধনা!