Skip to content

৯০ লাখ নাম উধাও! ভোটের আগে বাংলায় বিস্ফোরক তালিকা কাণ্ড,সবচেয়ে বেশি ধাক্কা মুর্শিদাবাদে!

নিজস্ব সংবাদদাতা : অবশেষে সামনে এল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত বড় ছবি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের তালিকা সোমবার রাত থেকে ফ্রিজ় হওয়ার আগেই ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। যদিও আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে প্রায় ১ কোটি ২০ লাখ নাম বাদ যেতে পারে, কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা এখনও কোটির গণ্ডি পেরোয়নি।কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। এরপর ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি মামলার শুনানি ও নিষ্পত্তির পর আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়ে। অন্যদিকে একই সময়ে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে।

📌 এক নজরে বড় তথ্য

  • মোট বাদ: ৯০,৮৩,৩৪৫
  • প্রথম তালিকায় বাদ: ৬৩ লাখ+
  • সাপ্লিমেন্টারিতে বাদ: ২৭.১৬ লাখ
  • নতুন নাম যুক্ত: ৩২.৬৮ লাখ
  • সবচেয়ে বেশি বাদ: মুর্শিদাবাদ (৪.৫৫ লাখ)

সব মিলিয়ে বাদ যাওয়া নামের সংখ্যা এখন ৯০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুর্শিদাবাদে, যেখানে একাই প্রায় ৪ লাখ ৫৫ হাজার নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সীমান্তবর্তী ও সংবেদনশীল জেলা হওয়ায় এই সংখ্যা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। মুর্শিদাবাদের একাধিক বুথে বড়সড় নামছাঁটাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।তবে এখানেই শেষ নয়। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সব নামের নিষ্পত্তি হলেও মাত্র ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যানই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি কিছু ক্ষেত্রে এখনও ই-সাক্ষর সম্পূর্ণ হয়নি, ফলে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ হিসাবে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৮৩,৩৪৫, যা আরও সামান্য বাড়তে পারে বলে কমিশন সূত্রের দাবি।

Latest