নিজস্ব সংবাদদাতা : আম আদমি পার্টি (AAP) রাজ্যসভায় বড়সড় সাংগঠনিক পরিবর্তনের পথে হাঁটল। দলের অন্যতম পরিচিত মুখ সাংসদ রাঘব চাড্ডাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় অশোক মিত্তলকে নতুন ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দল ইতিমধ্যেই রাজ্যসভা সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদে দলের কোটার সময় থেকে রাঘবকে আর বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার অনুরোধও করা হয়েছে।এই সিদ্ধান্ত সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায় তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সংসদে তাঁর বিভিন্ন বক্তব্য, জনস্বার্থের একাধিক ইস্যু এবং মানুষের সমস্যা তুলে ধরার মুহূর্তগুলি সংকলিতভাবে দেখা যায়। তবে ভিডিওটির সঙ্গে কোনও শব্দবন্ধ ব্যবহার না করে তিনি শুধুমাত্র একটি ‘নজর’ ইমোজি পোস্ট করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।দলীয় সূত্রে ইঙ্গিত, সাম্প্রতিক সময়ে রাঘব কিছুটা মূল রাজনৈতিক ইস্যু থেকে দূরে সরে গিয়েছিলেন।
APP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপের ধাক্কার পর তিনি দূষণ, বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি, গিগ কর্মীদের অধিকার, জনপরিষেবা এবং সামাজিক সমস্যা নিয়ে তুলনামূলকভাবে বেশি সরব ছিলেন। এই অবস্থানকে ঘিরেই দলীয় অন্দরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।এই রদবদলকে ঘিরে আপের অন্দরে নেতৃত্বের নতুন সমীকরণ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে রাঘবের নীরব প্রতিক্রিয়া এবং ইমোজি-ভিত্তিক বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে—এ কি শুধুই সাংগঠনিক বদল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও কৌশলগত বার্তা?