Skip to content

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা

নিজস্ব সংবাদদাতা : ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলকে কেন্দ্র করে তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু প্রযোজনাই নয়, বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।জানা গিয়েছে, নতুন ওয়েব সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। আধুনিক ফুটবল দুনিয়ার অন্দরমহলের নানা অজানা কাহিনি উঠে আসবে এই সিরিজে। ফুটবলার, এজেন্ট, বাজারের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি—সব মিলিয়ে সাজানো হবে গল্প।সিরিজে একজন ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ খ্যাত অভিনেতা ডামিয়ান লুইস। পাশাপাশি ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অঁরিও এই সিরিজের অন্যতম আকর্ষণ। একসময় মাঠে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা গিয়েছিল অঁরিকে। এবার একই প্রজেক্টে দুই তারকাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়।ইতিমধ্যেই উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ সিরিজটির শুটিং শুরু হয়েছে। রোনাল্ডো নিজেও এই নতুন উদ্যোগ নিয়ে যথেষ্ট উৎসাহী। আল নাসর তারকার কথায়, ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ তাঁর জীবনের এক নতুন অধ্যায়।রোনাল্ডোর সঙ্গে এই প্রজেক্টে সহ-প্রযোজক হিসেবে রয়েছে হলিউড পরিচালক ম্যাথু ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। ‘কিংসম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমার সঙ্গে যুক্ত এই প্রযোজনা সংস্থার উপস্থিতি সিরিজটির প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।রোনাল্ডো ও থিয়েরি অঁরির মতো দুই বড় ফুটবল তারকা থাকায় ‘ডে ওয়ানস’-এর সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে রোনাল্ডোকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই। তার মধ্যেই অভিনয় ও প্রযোজনার জগতে নতুন অভিযান শুরু করে দিলেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি।

Latest