নিজস্ব সংবাদদাতা : অবশেষে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের স্বাদ পেলেন ফুটবল বিশ্বের মহাতারকা। বৃহস্পতিবার দামাককে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রোনালদোর ক্লাব আল নাসর। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি লিগে যোগ দেওয়ার পর এটাই রোনালদোর প্রথম লিগ শিরোপা। আল নাসরের ইতিহাসে এটি ১১তম সৌদি প্রো লিগ জয় হলেও, রোনালদো যোগ দেওয়ার পর এই প্রথম দলটি চ্যাম্পিয়ন হল। শেষ ম্যাচে জয়ের ফলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী-কে দুই পয়েন্টে পিছনে ফেলে শিরোপা নিশ্চিত করে। গত সপ্তাহে আল হিলালের বিরুদ্ধে শেষ মুহূর্তের ভুলে ড্র হওয়ায় শিরোপা জয় পিছিয়ে গিয়েছিল। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে হারও বড় ধাক্কা দেয় আল নাসরকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আর ভুল করেনি দলটি। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন দামাকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোনাল্ডোরা। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। দ্বিতীয়ার্ধে জোড়া গোল পর্তুগিজ মহাতারকার।

আল নাসরের হয়ে তিন মরশুমে ইতিমধ্যেই ১০০-র বেশি গোল করেছেন রোনালদো। ম্যাচের শেষদিকে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। আবেগপ্রবণ দেখায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারকে। এর মাধ্যমে রোনালদো এখন পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং সৌদি আরবে ঘরোয়া লিগ শিরোপা জয়ের নজির গড়লেন। আগামী ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ খেলাও প্রায় নিশ্চিত।