Skip to content

ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার ট্রাইবুনালে অনলাইন-অফলাইনে আবেদন, প্রক্রিয়া জানাল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে এবার সেই নাম ফের তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারবিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যেই বিবেচনাধীন নামগুলির নিষ্পত্তির কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এর পরেও যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের জন্যই এই নতুন আপিল ব্যবস্থা চালু করা হল। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে ভোটারদের যেতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল voter.eci.gov.in-এ। সেখানে ‘Submit Appeals for Individuals’ ট্যাবে ক্লিক করে আপিল জানানো যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের জন্যই প্রযোজ্য। বাইরে থেকে নতুন করে কেউ ট্রাইবুনালে নাম তোলার আবেদন করতে পারবেন না। একই সঙ্গে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদনও এই একই পদ্ধতিতে করা যাবে। অন্যদিকে, অফলাইনে আবেদন করতে হলে জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের (SDO) দফতরে লিখিত আবেদন জমা দিতে হবে। কমিশন জানিয়েছে, আবেদনকারীকে সাদা কাগজে স্পষ্টভাবে নিজের বক্তব্য লিখতে হবে এবং সঙ্গে দিতে হবে নিজের ভোটার কার্ডের EPIC নম্বর। যদি কারও নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়াকে চ্যালেঞ্জ করতে হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির EPIC নম্বরও উল্লেখ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট আধিকারিক পরে সেই আবেদন অনলাইনে আপলোড করবেন এবং মূল কাগজপত্র সংরক্ষণ করবেন। কমিশন আরও জানিয়েছে, অনলাইন ও অফলাইনে জমা পড়া সমস্ত আপিলের নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট জেলাশাসক। ১৯৫০ সালের Representation of the People Act-এর ধারা এবং কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনেই ট্রাইবুনালের শুনানি ও সিদ্ধান্ত হবে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন ছিল। ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করে সেই সব নামের নিষ্পত্তি চলছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, যার মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশ নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। বাদ পড়া ভোটারদের জন্যই ট্রাইবুনালে আপিলের এই রাস্তা খুলে দেওয়া হল।

Latest