নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) নিয়ে অনিশ্চয়তা। এখনও প্রায় ১৩ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে, আর সেই সব নামের নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন যে ট্রাইব্যুনাল গঠনের কথা জানিয়েছিল, তা বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরিকাঠামোগত সমস্যার জেরে সেই কাজ আপাতত শুরু হচ্ছে না। কমিশন সূত্রে আগে জানানো হয়েছিল, আগামী ৭ এপ্রিলের মধ্যে সমস্ত বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কিন্তু নতুন পরিস্থিতিতে সেই সময়সীমা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, পর্যাপ্ত আদালতকক্ষ, কর্মী এবং প্রযুক্তিগত সহায়তার অভাবই এই বিলম্বের মূল কারণ। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ভোটের আগে ‘ডি-ভোটার’ বা বাদ পড়া নামগুলির চূড়ান্ত ফয়সালা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। কারণ সূত্রের খবর, ট্রাইব্যুনালের জন্য নিযুক্ত কয়েকজন বিচারপতি ইতিমধ্যেই এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ফলে কবে থেকে ট্রাইব্যুনাল কার্যকরভাবে কাজ শুরু করবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ এপ্রিল ডেডলাইন অনিশ্চিত! ১৩ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ট্রাইব্যুনালের অপেক্ষায়?