স্পেনের দাবানল দুর্গতদের পাশে লিওনেল মেসি, দিলেন ৮০ হাজার ইউরো অনুদান!
নিজস্ব সংবাদদাতা : ইউরোপজুড়ে তীব্র দাবদাহ ও ভয়াবহ দাবানলের জেরে একাধিক দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে স্পেনে আগুনের প্রকোপে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। এই দুর্যোগের মাঝেই মানবিকতার নজির গড়লেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।স্পেনের দাবানল দুর্গতদের সাহায্যের জন্য ৮০ হাজার ইউরো আর্থিক অনুদান দিয়েছেন মেসি। এই অর্থ ত্রাণ ও পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে হলেও, ফুটবলার হিসেবে মেসির উত্থানের বড় অংশ জুড়ে রয়েছে স্পেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনা-য় যোগ দেন। তাঁর শারীরিক বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল কাতালান ক্লাবটি। এরপর দীর্ঘ দুই দশক স্পেনেই গড়ে ওঠে তাঁর কিংবদন্তি ফুটবল কেরিয়ার। বার্সেলোনার জার্সিতে একের পর এক সাফল্য অর্জন করে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন। তাঁর স্পেনের নাগরিকত্বও রয়েছে।স্পেনের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা মাথায় রেখেই এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মেসি। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফুটবলপ্রেমী ও সমাজের বিভিন্ন মহল। মানবিক সংকটে ক্রীড়াবিদদের এই ধরনের ভূমিকা বিপর্যস্ত মানুষের পাশে আশার আলো হয়ে ওঠে বলেই মত পর্যবেক্ষকদের।