অভিজিৎ সাহা : ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গড়বেতা বিধানসভা এলাকার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সোমবার আয়োজিত হলো এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২০৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা।

তিনি বলেন, "ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে স্মরণ করে সমাজের বৃহত্তর স্বার্থে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তের প্রয়োজন যে কোনও সময় দেখা দিতে পারে। তাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতারই পরিচয় বহন করে।"
মেদিনীপুর ব্লাড ব্যাংক এবং শালবনি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো, সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি, বিধায়ক প্রদীপ লোধা, বিভিন্ন মণ্ডল সভাপতি, জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

আয়োজকদের দাবি, সম্পূর্ণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে রক্তদান শিবিরটি সম্পন্ন হয়। সমাজের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এই ধরনের উদ্যোগ শুধু জরুরি রক্তের চাহিদা পূরণেই সহায়ক নয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করে।স্থানীয় বাসিন্দাদের একাংশও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সামাজিক দায়বদ্ধতার এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকলে তা বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।