গড়বেতায় নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ, গ্রেফতার BMOH চিকিৎসক

গড়বেতায় নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ, গ্রেফতার BMOH চিকিৎসক

সেখ ওয়ারেশ আলী: কর্মস্থলে এক নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন গড়বেতার BMOH চিকিৎসক প্রবীর কুমার বাউরী। রবিবার রাতে গড়বেতা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় কিছু নথি সংগ্রহ করতে গড়বেতার BMOH-এর অফিসে গিয়েছিলেন একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক কমিউনিটি হেলথ অফিসার (CHO)। অভিযোগ, নথিপত্র দেওয়ার অছিলায় ওই স্বাস্থ্যকর্মীকে প্রেমের প্রস্তাব দেন চিকিৎসক প্রবীর কুমার বাউরী। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে যৌন হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনার পর প্রথমে সামাজিক সম্মান ও মর্যাদার কথা ভেবে থানায় অভিযোগ দায়ের করেননি ওই স্বাস্থ্যকর্মী। পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারিণীর আরও দাবি, এর আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক।লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। পুলিশি তৎপরতা শুরু হতেই অভিযুক্ত চিকিৎসক পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর একাধিক পুলিশি দল গঠন করে তল্লাশি অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃত চিকিৎসককে সোমবার গড়বেতা আদালতে পেশ করার কথা। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে, গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী। তাঁর বক্তব্য, এর আগেও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ করা হবে।কর্মস্থলে একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n