Skip to content

ভোটে এগিয়ে বিএনপি, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান?

1 min read

ঢাকা, জাকির হোসেন: দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর অবশেষে ভোটের মাধ্যমে গণতন্ত্রে ফেরার পথে হাঁটল বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাথমিক ফলাফলের প্রবণতায় এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই সঙ্গে নতুন করে আলোচনায়, তারেক রহমান কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বিঘ্নেই চলে ভোটগ্রহণ। ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।ভোট শেষ হতেই কেন্দ্রভিত্তিক গণনা শুরু হয়। এই খবর লেখা পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী, বিএনপি ৯১টি আসনে এগিয়ে রয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ফল না আসা পর্যন্ত এই সংখ্যায় পরিবর্তন হতে পারে।নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজনকে ‘ঈদের উৎসব’-এর সঙ্গে তুলনা করেছেন বহু ভোটার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “দেশের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন। এর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হল।”প্রসঙ্গত, জুলাই ২০২৪-এ ছাত্র আন্দোলনের জেরে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তাদের তত্ত্বাবধানেই এ বার নির্বাচন।এবারের ভোটে ছিল একাধিক নতুনত্ব। সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সংস্কার সংক্রান্ত গণভোট। প্রথমবার চালু হয়েছে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও। আন্তর্জাতিক পর্যবেক্ষণের ক্ষেত্রেও নজির তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-সহ প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় উপস্থিত ছিলেন।রাজনৈতিক সমীকরণেও ছিল বড় পরিবর্তন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারির পর মূল লড়াই সীমাবদ্ধ ছিল বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ফল ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, দেরি হলে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। যদিও সার্বিক ভাবে নির্বাচন শান্তিপূর্ণ বলেই দাবি বিএনপির, তবু কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর মিলেছে। ভোটের দিন বিএনপির নেতা মহিবুজ্জামান কচি নিহত হওয়ার ঘটনাও সামনে এসেছে। চূড়ান্ত ফল প্রকাশের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। সত্যিই কি দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার চাকা নতুন দিকে ঘুরতে চলেছে, সে উত্তর দেবে আগামী কয়েক ঘণ্টাই।

Latest