নিজস্ব সংবাদদাতা : দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বছর একত্রিশের বীর সেনা জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষ। কর্মরত অবস্থায় তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। দেশের প্রতি তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের কুলবনি গ্রামের বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের কফিনবন্দি দেহ আজ গ্রামে ফিরেছে। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি সিকিমের জিরো পয়েন্টে অবস্থিত ৪১৭ ফিল্ড হসপিটালের রেডিওলজি (এক্স-রে) বিভাগে দায়িত্ব পালন করছিলেন।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি ঘুমোতে যান। এরপর ঘুমের মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষজন।আজ, ৫ই এপ্রিল তাঁর নিজ গ্রাম কুলবনিতে শেষকৃত্য সম্পন্ন হলো। দেশের সেবায় নিয়োজিত এক তরুণ জওয়ানের এই অকাল প্রয়াণ নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।