বয়কটের ডাকেও টলল না ব্রাজিল, নির্ধারিত সূচিতে ম্যাচ
নিজস্ব সংবাদদাতা:ভারতের মাটিতে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ আয়োজন ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখনই বড় বার্তা দিল ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা (CBF)। ভারতে ব্রাজিলের ম্যাচ বয়কটের যে ডাক উঠেছে, তা নিয়ে আপাতত কোনও উদ্বেগ নেই ব্রাজিল ফুটবল সংস্থার। এমনকি আগামী অক্টোবরের প্রীতি ম্যাচের সূচি পরিবর্তনেরও কোনও পরিকল্পনা নেই বলে সূত্রের খবর।আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে মাঠে নামার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এই হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ভারতে এসেছিল ব্রাজিলের প্রতিনিধি দল।মাঠ পরিদর্শনের পর ব্রাজিলের তরফে মাঠের ঘনত্ব দ্রুত বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। তাঁদের বক্তব্য, মাঠের পরিস্থিতি ঠিকঠাক না থাকলে ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা থাকতে পারে। তবে ব্রাজিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাঠ নিয়ে এই পর্যবেক্ষণ সম্পূর্ণ রুটিন প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে ম্যাচ বাতিল বা সূচি পরিবর্তনের কোনও সম্পর্ক নেই।এরই মধ্যে ভারতের ফুটবল মহলের একাংশ ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। এই দাবির অন্যতম মুখ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁদের যুক্তি, ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে একটি ম্যাচ আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং তৃণমূল স্তরে পরিকাঠামো তৈরিতে বিনিয়োগ করা হলে দেশের ফুটবলের বেশি উপকার হবে।তবে এই বিতর্ককে আপাতত গুরুত্ব দিচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা। CBF-এর তরফে ম্যাচ বয়কটের ডাক নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং নির্ধারিত সূচি মেনেই ম্যাচ খেলার প্রস্তুতি চলছে।ব্রাজিল জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েটানো জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচটি শুধুমাত্র ফুটবল খেলার জন্য নয়, ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি সুযোগ। তাঁর কথায়, বিশ্বকাপে ব্রাজিলকে ভারতীয় সমর্থকরা যেভাবে সমর্থন করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো ব্রাজিলের দায়িত্ব।অক্টোবরে আন্তর্জাতিক উইন্ডোতে ভারত মোট তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি ইতিমধ্যেই নিশ্চিত। দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দের সঙ্গে খেলার বিষয়টি বিবেচনায় রয়েছে। তৃতীয় প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।