Skip to content

রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে মেদিনীপুরে সিপিআইএম এর সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিকে কেন্দ্র করে সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের সমাগম ঘটে। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম থেকেই নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। 'নির্বাচনোত্তর পরিস্থিতি ও আমাদের কাজ' বিষয়কে সামনে রেখে মহম্মদ সেলিম বলেন, বর্তমান সময়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং গণআন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়াই দলের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় তুলে ধরে কর্মীদের আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়, রাজ্য নেতৃত্ব আভাস রায় চৌধুরী, তাপস সিনহা, মেঘনাদ ভূঞ্যা, গীতা হাঁসদা-সহ জেলার একাধিক নেতা ও কর্মী।

সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ ও ভিড়কে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দলীয় নেতৃত্ব। তাঁদের মতে, আগামী দিনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসংযোগের কর্মসূচিকে আরও বিস্তৃত করতেই এই ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সভা শেষে উপস্থিত নেতারা কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে আন্দোলন ও সাংগঠনিক কাজকে আরও জোরদার করার আহ্বান জানান।

Latest