Skip to content

জনগণের বিভিন্ন দাবিতে সিপিএমের মিছিল, চন্দ্রকোনা রোডে বিক্ষোভ কর্মসূচি

অভিজিৎ সাহা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া পরিশোধ ও পুনরায় চালুর দাবি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের প্রতিবাদে বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করল সিপিআই(এম)। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, জেলা ও স্থানীয় নেতৃত্বের সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত ঘোষ বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের জীবনকে ক্রমশ কঠিন করে তুলছে। তাঁর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধানে ব্যর্থ হয়েছে। ১০০ দিনের কাজ প্রকল্পে বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিও তিনি জানান।

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সনৎ চক্রবর্তীও। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ১০০ দিনের কাজ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। বাম নেতৃত্বের দাবি, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশ থেকে। মিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় পুলিশি নজরদারি ছিল। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Latest