অভিজিৎ সাহা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল সাইবার সহায়তা কেন্দ্র এবং মহিলা সহায়তা কেন্দ্র। সাধারণ মানুষের কাছে এই দুই কেন্দ্রের অবস্থান ও পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে থানায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (অপারেশন), গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁরা জানান, বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনা মোকাবিলায় এই সাইবার সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পাবেন। অন্যদিকে, মহিলাদের নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে পৃথক মহিলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে মহিলারা নির্ভয়ে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা পাবেন।পুলিশ প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং পরিষেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে। এলাকাবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে সাধারণ মানুষ ও মহিলারা আরও সহজে এবং নিরাপদে পুলিশের সহযোগিতা নিতে পারবেন।
গড়বেতা থানায় চালু সাইবার সহায়তা কেন্দ্র ও মহিলা সহায়তা কেন্দ্র, সাধারণ মানুষের সুবিধায় নতুন উদ্যোগ!