নিজস্ব সংবাদদাতা : কলকাতা ফুটবল লিগে দুরন্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারানোর পর এবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল কোচ বিনো জর্জের দল। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে লাল-হলুদের দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। অভিজ্ঞ জেসিন টিকে, পি ভি বিষ্ণু, চাকু মাণ্ডি ও তন্ময় দাসদের নিয়ে একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় বিধাননগরের রক্ষণভাগ। ম্যাচের ১০ মিনিটে পি ভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পর সুমিত মজুমদারের গোলে সমতা ফেরায় বিধাননগর। সমতায় ফেরার পরও দমে যায়নি ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে দুর্দান্ত একটি ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে দলকে আবারও এগিয়ে দেন বিষ্ণু। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় লাল-হলুদ বাহিনী। ৪৫+১ মিনিটে বিজয় মুর্মুর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। ঠিক এক মিনিট পর নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পি ভি বিষ্ণু। ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। ৫৪ মিনিটে একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে তারা। এরপরও কয়েকবার আক্রমণে উঠলেও ইস্টবেঙ্গলের সংগঠিত রক্ষণভাগের সামনে সফল হতে পারেনি প্রতিপক্ষ। অন্যদিকে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণের ধার বজায় রাখে বিনো জর্জের দল। অবশেষে ম্যাচের ৮১ মিনিটে গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন জেসিন টিকে। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করল ইস্টবেঙ্গল। আক্রমণভাগের ধার, মাঝমাঠের দাপট এবং পি ভি বিষ্ণুর হ্যাটট্রিক—সব মিলিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী বার্তাই দিল লাল-হলুদ শিবির।
