নিজস্ব সংবাদদাতা : এপ্রিল মাসেই বাংলায় দু’দফার ভোট। তার আগেই রাজ্য রাজনীতির উত্তাপের মাঝে খাস কলকাতায় ইডি-র তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার সকালে জমি দখল ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই অভিযানে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়ি থেকে ₹১ কোটি ২০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।ইডি সূত্রে খবর, বুধবার সকাল থেকেই একটি নির্মাণ সংস্থার অফিস-সহ মোট ছয়টি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু হয়। তদন্তের আওতায় আসে বালিগঞ্জের পরিচিত ব্যবসায়ী মহলের একাধিক ঠিকানা। এর মধ্যে তথাকথিত ‘সোনা পাপ্পু’-র বাড়ি, তাঁর ঘনিষ্ঠদের বাসস্থান এবং কাঁকুলিয়া রোডের একটি বাড়িতেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে।সবচেয়ে বড় উদ্ধার আসে নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে, সেখান থেকেই ₹১.২০ কোটি নগদ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের দাবি। তদন্তকারীরা জানিয়েছেন, ওই বিপুল টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ব্যবসায়ী। ফলে টাকা কোন আর্থিক লেনদেন বা জমি সংক্রান্ত চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।এছাড়াও, তল্লাশির সময় সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এই উদ্ধার ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া ব্যবসায়ীর সঙ্গে শাসকদলের একাংশের ঘনিষ্ঠতার অভিযোগও সামনে আসছে। বিভিন্ন সময়ে তাঁকে একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে বলেও দাবি উঠেছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট মহলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।ভোটের ঠিক আগে এই নগদ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন নজর, তদন্তে আর কার কার নাম সামনে আসে।
ভোটের আবহে কলকাতায় ইডি-র বড়সড় তল্লাশি, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ₹১.২০ কোটি নগদ!