Skip to content

দোল পূর্ণিমার দিনেই চিরবিদায়: প্রখ্যাত বডিবিল্ডার রমাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে আবেগঘন সভা মেদিনীপুরে!

নিজস্ব সংবাদদাতা: বাংলার ক্রীড়া জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বডিবিল্ডার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রমাপ্রসাদ মুখোপাধ্যায় আর নেই। দোল পূর্ণিমার পবিত্র দিনে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ পুরুলিয়ায় তাঁর মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র ক্রীড়ামহল।এই বরেণ্য ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ১২ মার্চ মেদিনীপুরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অবস্থিত ঐতিহ্যবাহী Medinipur Deshapriya Byayamagar-এর উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, আসিস চক্রবর্তী, চন্দন বোস, প্রসেনজিৎ সাহা, গোপাল সাহা, ক্লাব সেক্রেটারি অরুণ সাউ, ক্লাবের বহু সদস্য সহ ক্রীড়া ও সমাজজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। । রমাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেদিনীপুরের গর্ব এবং বাংলার শরীরচর্চা আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল মেদিনীপুরের ঐতিহ্যবাহী দেশপ্রিয় ব্যায়ামাগার। এই ক্লাব থেকেই অনুশীলন করে ১৯৮৮ সালে ‘ওয়ার্ল্ড অ্যামেচার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এ সাফল্য অর্জন করেছিলেন বিশিষ্ট বডিবিল্ডার Premchand Degra।

এক সময় এই ব্যায়ামাগারে নিয়মিত আসা-যাওয়া করতেন কিংবদন্তি বডিবিল্ডার Monohar Aich-ও। এখান থেকেই বহু ক্রীড়াবিদ বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যায়ামাগার আজও শরীরচর্চার ঐতিহ্য বহন করে চলেছে। প্রতিদিন প্রায় শতাধিক সদস্য এখানে নিয়মিত অনুশীলন করেন। দেশের বিভিন্ন প্রান্তের বহু খ্যাতনামা ব্যায়ামবিদ—যাদের মধ্যে রয়েছেন হরকান্তা বরফোহাইন, জিমি প্যাটেল, লক্ষ্মী নারায়ণ নায়ক, সাগর কুণ্ডু এবং অজয় চট্টোপাধ্যায়—এই ব্যায়ামাগারে এসে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। শুধু ক্রীড়া প্রশিক্ষণ নয়, সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান।

মেদিনীপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা দেশপ্রিয় ব্যায়ামাগার আজ কেবল একটি জিমনেসিয়াম নয়—এটি বাংলার শরীরচর্চা আন্দোলনের এক জীবন্ত ইতিহাস। আর সেই ইতিহাসের অন্যতম নির্মাতা ছিলেন রমাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবদান বাংলার ক্রীড়াজগতে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

Latest