Skip to content

আনন্দ বোসের বিদায় চিঠি: লিখলেন 'পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী',‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন’....

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যবাসীর উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল C. V. Ananda Bose। প্রায় ৩ বছর ৪ মাস রাজ্যপালের দায়িত্ব পালন করার পর বাংলা ছাড়ার প্রাক্কালে তিনি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গের মানুষকে ‘আমার প্রিয় ভাই ও বোনেরা’ বলে সম্বোধন করেন আনন্দ বোস। তিনি লেখেন, রাজ্যপাল হিসেবে তাঁর অধ্যায় শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও শেষ হবে না। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ এখন আমার দ্বিতীয় বাড়ি। ভবিষ্যতেও আমি এই রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকব।”

চিঠিতে তিনি পশ্চিমবঙ্গবাসীর উষ্ণতা, আন্তরিকতা এবং ভালোবাসার কথা স্মরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টির স্মৃতি তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। চিঠিতে তিনি Mahatma Gandhi–র একটি উক্তি উল্লেখ করেন—“আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না।” আনন্দ বোস জানান, বাংলার প্রতি তাঁর অনুভূতিও ঠিক এমনই।

এছাড়াও তিনি Rabindranath Tagore–এর একটি বিখ্যাত উক্তির কথা তুলে ধরেন, যেখানে শ্রমজীবী মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতির কথা বলা হয়েছে। গত তিন বছরে রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান বলে তিনি জানান। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের বাড়িতে বসে খাওয়া, ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা করা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা—সব মিলিয়ে তাঁর অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন। চিঠিতে তিনি আরও বলেন, বাংলার মানুষ তাঁদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি গভীর গর্ব অনুভব করেন, যা বাংলার মানসিকতারই প্রতিফলন।

চিঠির শেষে পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন প্রাক্তন রাজ্যপাল। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছাবে। সবশেষে তিনি বাংলার মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে লেখেন—“মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।”

Latest