নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেলস্টেশন থেকে নিখোঁজ চার নাবালককে নিরাপদে উদ্ধার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল খড়্গপুর সরকারি রেল পুলিশ (জিআরপি)। বুধবার স্টেশনের ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই চার নাবালককে উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন থেকে চার নাবালক নিখোঁজ ছিল। এই ঘটনায় এক নাবালকের বাবার অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭(২) ধারায় একটি মামলা দায়ের হয় (মামলা নম্বর ১১৬/২৬, তারিখ ২৪ জুন ২০২৬)।তদন্তে নেমে হাওড়া রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, চার নাবালক হাওড়া-খড়্গপুর লোকাল ট্রেনে উঠেছিল। এরপর হেয়ার স্ট্রিট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সাহার নেতৃত্বে এবং খড়্গপুর জিআরপির সহযোগিতায় স্টেশন চত্বরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।দুই থানার সমন্বিত তৎপরতা ও দ্রুত পদক্ষেপের ফলেই খড়্গপুর রেলস্টেশনের ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নাবালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁদের হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরে পরিবারের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করা হয়।এই উদ্ধার অভিযানে খড়্গপুর জিআরপির উপ-পরিদর্শক কৌশিক মুখার্জি ও তাঁর দলের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁদের দ্রুত পদক্ষেপ, পেশাদারিত্ব ও সতর্কতার ফলেই সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।নিখোঁজ শিশুদের নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার ঘটনায় খড়্গপুর জিআরপির এই সাফল্য পুলিশের মানবিক দৃষ্টিভঙ্গি, দক্ষতা এবং দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।