Skip to content

জাতীয় চিকিৎসক দিবসে ঘাটালে চিকিৎসকদের সংবর্ধনা, বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন!

নিজস্ব সংবাদদাতা : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার (১ জুলাই, ২০২৬) ভারতীয় রেডক্রস সোসাইটি, ঘাটাল শাখার উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। এদিন জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানিয়ে তাঁদের মানবিক সেবা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের জীবনরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত যে নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়ে চলেছেন, তা সমাজের কাছে অনুকরণীয়। তাঁদের নিরলস পরিশ্রম ও মানবিক সেবাই একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রাধানগরের চন্দননগর সেন্টারে একটি বিনামূল্যের শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শিশির কুমার দাস। এলাকার বহু অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজসেবী ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি। তাঁর আদর্শ, মানবিকতা এবং নিঃস্বার্থ সেবার প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই চিকিৎসক সমাজ আজও মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন করে চলেছে।

অনুষ্ঠানের শেষে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জাতীয় চিকিৎসক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান আয়োজকরা। তাঁদের বক্তব্যে উঠে আসে— "চিকিৎসকের প্রকৃত পরিচয় শুধু রোগ নিরাময়ে নয়, মানবসেবায়।"

Latest