হাজারো স্বপ্ন, একটাই লক্ষ্য WB PCS—মেদিনীপুর সিটি কলেজে কড়া নিরাপত্তায় পরীক্ষা!
নিজস্ব সংবাদদাতা : হাজারো প্রার্থীর চোখে সরকারি চাকরির স্বপ্ন। সেই লক্ষ্যেই রবিবার মেদিনীপুর সিটি কলেজে অনুষ্ঠিত হল WB PCS 2026 পরীক্ষা। পরীক্ষা ঘিরে সকাল থেকেই কলেজ চত্বরে দেখা যায় প্রার্থীদের ভিড়। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের গেটের বাইরে তৈরি হয় দীর্ঘ লাইন।সকাল থেকেই শুরু হয় পরীক্ষার্থীদের রিপোর্টিং ও প্রবেশ প্রক্রিয়া। নির্ধারিত নিয়ম মেনে একে একে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন প্রার্থীরা। দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা।প্রচণ্ড গরম উপেক্ষা করেও পরীক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও প্রত্যাশা।

দীর্ঘদিনের প্রস্তুতি শেষে গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসতে পেরে অনেকের মধ্যেই দেখা যায় আত্মবিশ্বাস। একজন পরীক্ষার্থীর কথায়, “বছরের পর বছর পরিশ্রম করেছি। আজ সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছি।”পরীক্ষা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। প্রবেশপথে নজরদারি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও ছিল কড়াকড়ি।সব মিলিয়ে, মেদিনীপুর সিটি কলেজে WB PCS 2026 পরীক্ষাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর ব্যস্ততা। প্রার্থীদের একটাই প্রত্যাশা—দীর্ঘ প্রস্তুতির পর এবার যেন সাফল্য আসে।