দলের নামে তোলাবাজি বরদাস্ত নয়, প্রয়োজনে বাড়িতে বসিয়ে দেওয়া হবে: দাঁতনে সৌমেন তেওয়ারি!

দলের নামে তোলাবাজি বরদাস্ত নয়, প্রয়োজনে বাড়িতে বসিয়ে দেওয়া হবে: দাঁতনে সৌমেন তেওয়ারি!

নিজস্ব সংবাদদাতা : দলের নাম ব্যবহার করে তোলাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন তেওয়ারি। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের ধনেশ্বরপুরে ‘সেবা সংকল্প’ অভিযানের অংশ হিসেবে আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।দলীয় কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সৌমেন তেওয়ারি স্পষ্ট করে জানান, দলের নাম ব্যবহার করে কোনও ধরনের তোলাবাজি বা অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তাঁর দাবি, কেউ দলীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের কাজে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনও কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান জেলা বিজেপি সভাপতি। প্রয়োজনে তোলাবাজির সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের দলীয় দায়িত্ব থেকে সরিয়ে ‘বাড়িতে বসিয়ে দেওয়া হবে’ বলেও কড়া বার্তা দেন তিনি।দলীয় কর্মসূচির মঞ্চ থেকে জেলা সভাপতির এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলীয় নেতাদের আচরণ, সাংগঠনিক শৃঙ্খলা এবং দলের ভাবমূর্তি রক্ষার প্রশ্নে প্রকাশ্যে এমন কড়া অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তবে তোলাবাজির অভিযোগে নির্দিষ্ট কোনও নেতা বা কর্মীর নাম প্রকাশ্যে উল্লেখ করেননি সৌমেন তেওয়ারি। তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রবণতার বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করা।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n