নিজস্ব সংবাদদাতা : হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা বিডিও অফিসে নতুন ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। SIR তালিকা থেকে একযোগে ১০ জনের নাম বাতিল হওয়াকে কেন্দ্র করে BLO ও AERO-র মধ্যে প্রকাশ্যে বচসার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, সুতাহাটার ১৫৩ নম্বর বুথের কুমারচক এলাকার ১৩ জন নতুন ভোটারের জন্য ফর্ম-৬ জমা করেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) সঞ্জয় মিদ্যা।

নিয়মমাফিক সেই ফর্মগুলি অফিসে জমা পড়ার পর হঠাৎই ১০টি আবেদন বাতিল হয়। এ বিষয়ে AERO-র তরফ থেকে বার্তা পান সঞ্জয়বাবু। বাতিলের কারণ জানতে তিনি সুতাহাটা বিডিও অফিসে হাজির হন এবং সংশ্লিষ্ট AERO তথা ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সৃজিত কুমার মিশ্রের সঙ্গে দেখা করেন। অভিযোগ, বাতিলের কারণ জানতে চাওয়ামাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। BLO-র দাবি, তাঁকে কার্যত শাসানি দেওয়া হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনিক স্বচ্ছতা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন একযোগে এতগুলি ফর্ম বাতিল হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।