Skip to content

২২ বছরের অপেক্ষার অবসান, ভারতসেরা ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা : ইতিহাসের রাত দেখল কিশোর ভারতী স্টেডিয়াম। ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় স্তরে ফের ট্রফি জিতল East Bengal FC। শুধু তাই নয়, প্রথম বার Indian Super League জিতে ভারতসেরা হওয়ার গৌরব অর্জন করল লাল-হলুদ ব্রিগেড। উত্তেজনাপূর্ণ ফাইনাল লড়াইয়ে Inter Kashi-কে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। তবে ১৪ মিনিটে আচমকা ধাক্কা খায় ইস্টবেঙ্গল। সুমিত পাসির নিখুঁত পাস থেকে গোল করে ইন্টার কাশীকে এগিয়ে দেন আলফ্রেড প্লানাস। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় লাল-হলুদ সমর্থকে ভর্তি স্টেডিয়াম। পিছিয়ে পড়ার পর থেকেই আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। বিপিন সিংহের দারুণ উইং প্লে বারবার চাপে ফেলে ইন্টার কাশীর রক্ষণকে। গোলের সুযোগ এলেও প্রথমার্ধে সমতা ফেরানো সম্ভব হয়নি। বরং কয়েক বার পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে ইন্টার কাশী। গোলরক্ষক প্রভসুখন সিংহ গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধে অন্য রূপে মাঠে নামে লাল-হলুদ বাহিনী। ৪৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান ইউসেফ এজেজারি। চলতি মরসুমে দুরন্ত ফর্মে থাকা এই তারকা ফরোয়ার্ড সর্বাধিক গোল করে সোনার বুটও জিতে নেন। সমতায় ফিরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। কোচ Oscar Bruzon একের পর এক পরিবর্তন এনে জয়ের জন্য ঝাঁপান। অবশেষে ৭২ মিনিটে বিপিন সিংহের বাড়ানো বলে পা ছুঁইয়ে গোল করেন রশিদ। সেই গোলেই ইতিহাস রচনা করে ইস্টবেঙ্গল। শেষ মুহূর্ত পর্যন্ত মরিয়া চেষ্টা চালালেও আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার কাশী। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ফুটবলারদের সঙ্গে আবেগে ভাসেন হাজার হাজার সমর্থক।

অন্যদিকে, Mohun Bagan Super Giant নিজেদের ম্যাচে SC Delhi-কে ২-১ গোলে হারালেও শিরোপা অধরাই থেকে যায়। দুই দলেরই পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। দীর্ঘ দুই দশকের হতাশা কাটিয়ে অবশেষে নতুন সূর্যোদয় লাল-হলুদ শিবিরে। ভারতীয় ফুটবলে নতুন স্বর্ণযুগের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল সমর্থকেরা।

Latest