Skip to content

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু অন্তত ১৫, বহু আহত!

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনায় স্তম্ভিত দেশ। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। সোমবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন আরও বহু যাত্রী।ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী Jitendra Singh। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে সক্রিয় করা হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। পথে কানোটে গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের এয়ারলিফট করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার প্রস্তুতি চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।Jitendra Singh তাঁর বার্তায় জানান, তিনি উধমপুরের ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং সবরকম সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।এদিকে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে জায়গায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেখানে একটি অদৃশ্য বিপজ্জনক বাঁক রয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Latest