Skip to content

তৃণমূলের বিস্ফোরক দাবি! ‘গোপন ভিডিও’ ঘিরে হুমায়ুন কবীর–বিজেপি যোগের জল্পনা, পাল্টা AI ষড়যন্ত্রের অভিযোগ!

অভিজিৎ সাহা : নতুন দল গঠনের পর Asaduddin Owaisi-র AIMIM-এর সঙ্গে জোট বেঁধে রাজ্যের ২০০-রও বেশি আসনে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শুরু থেকেই শাসক দলকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এরই মধ্যে হুমায়ুনের সঙ্গে বিজেপির ‘আঁতাত’-এর অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। এবার সেই অভিযোগকে আরও জোরালো করতে একটি ‘গোপন কথোপকথনের ভিডিও’ সামনে এনে আমজনতা উন্নয়ন পার্টির নেতার বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার তোপ আরও তীব্র করল শাসক শিবির। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ওই ভিডিও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয়। ইতিমধ্যেই প্রায় ১৯ মিনিটের সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিওটিতে হুমায়ুন কবীরের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হিন্দিতে দীর্ঘ কথোপকথন শোনা গিয়েছে বলে দাবি তৃণমূলের। সেখানে মূলত আলোচনা হয়েছে, তিনি তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিজের দিকে টানতে কতটা সফল হতে পারেন। পাশাপাশি, আগামী বিধানসভা নির্বাচনের পর যদি ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে বিজেপিকে সমর্থনের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে বলে দাবি শাসক দলের।

তবে এই ভিডিও সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর সাফ দাবি, “সোজা পথে মোকাবিলা করতে না পেরে AI দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে আমাকে রাজনৈতিকভাবে উপেক্ষা করার চেষ্টা চলছে। পুরো ভিডিওটাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি।” তাঁর অভিযোগ, তৃণমূল তাঁর রাজনৈতিক উত্থানে আতঙ্কিত হয়ে এমন কৌশল নিয়েছে।ভিডিওতে শোনা গিয়েছে বলে দাবি, হুমায়ুন নিজের রাজনৈতিক কৌশল ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন— নির্বাচনী প্রচারে তিনি যেমন তৃণমূলের বিরোধিতা করবেন, তেমনই বিজেপিকেও সমানভাবে আক্রমণ করবেন। তাঁর মতে, তা না হলে সাধারণ মানুষের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। অন্যদিকে, ভিডিওতে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বলতে শোনা যায়, হুমায়ুনের বক্তব্য ‘উচ্চতর কর্তৃপক্ষ’-এর কাছে পৌঁছে দেওয়া হবে। সেই আশ্বাসে সন্তুষ্টির সুরও নাকি শোনা যায় হুমায়ুনের কণ্ঠে। এই ‘গোপন ভিডিও’ ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিডিওর সত্যতা, AI-র ব্যবহার এবং ভোটের আগে নতুন সমীকরণের সম্ভাবনা— সব মিলিয়ে হুমায়ুন কবীরকে কেন্দ্র করে বিতর্ক আরও ঘনীভূত হল।

Latest