Skip to content

ইডেনে চাপের ম্যাচে ফিল্ডিং ভরাডুবি, সুযোগ নষ্টের খেসারত—১৯৫ রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ!

নিজস্ব সংবাদদাতা :  ইডেন গার্ডেন্স-এ গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ভুলেই চাপে পড়ল টিম ইন্ডিয়া। একাধিক সহজ সুযোগ হাতছাড়া, তিনটি ক্যাচ পড়ে যাওয়া এবং ধারাবাহিক মিসফিল্ড—সব মিলিয়ে ক্যারিবিয়ানদের বড় স্কোর গড়তে কার্যত সাহায্য করলেন ভারতীয় ক্রিকেটাররাই। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। তবে প্রশ্ন উঠছে, ভারত যদি ফিল্ডিংয়ে এত ভুল না করত, তাহলে কি আদৌ এই স্কোর ছোঁয়া সম্ভব হতো? ম্যাচের মোড় ঘোরানোর একাধিক মুহূর্তে গাফিলতি স্পষ্ট ছিল। ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভারেই সুযোগ তৈরি করেন জসপ্রীত বুমরাহ। তাঁর ধীরগতির বল বুঝতে না পেরে কভারের ওপর দিয়ে ক্যাচ তুলে দেন রোস্টন চেজ।

সহজ সেই লফ্টেড ক্যাচ হাতছাড়া করেন অভিষেক শর্মা। শুধু তাই নয়, একটি নিশ্চিত রান আউটের সুযোগও নষ্ট হয়। পরের দিকে ফাইন লেগ ও পয়েন্ট অঞ্চলে একাধিক মিসফিল্ড চার রানে পরিণত হয়, যা শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়।এই ম্যাচটি ICC Men's T20 World Cup-এর সুপার এইট পর্বে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হওয়া, কার্যত কোয়ার্টার ফাইনালের সমতুল্য গুরুত্ব বহন করছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক Suryakumar Yadav। সময়ের সঙ্গে ইডেনের পিচ ব্যাটিং সহায়ক হবে, এই হিসেব কষেই তাঁর এই সিদ্ধান্ত।ওপেনিংয়ে শাই হোপ ও রোস্টন চেজ সতর্কভাবে শুরু করেন। কিন্তু ভারতের ফিল্ডিং ব্যর্থতা তাঁদের ইনিংসকে বাড়তি অক্সিজেন জোগায়। চাপের ম্যাচে প্রায় ২০০ রানের লক্ষ্য তাড়া করা সহজ নয়—বিশেষত বিশ্বকাপের মঞ্চে। এখন দেখার, ব্যাট হাতে ভারত কি এই ভুলের খেসারত পুষিয়ে দিতে পারে, নাকি ফিল্ডিংয়ের এই ব্যর্থতাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

Latest