অভিজিৎ সাহা : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ICDS কর্মীরা। ডিম-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি, মোবাইল রিচার্জের ব্যয়ভার এবং কর্মক্ষেত্রের নানা সমস্যার সমাধানের দাবিতে গোয়ালতোড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

মিছিলটি গোয়ালতোড় বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর গোয়ালতোড় CDPO-র দপ্তরে পৌঁছায়। সেখানে প্রতিনিধিদল CDPO-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ বৃদ্ধি, সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোনের রিচার্জ বাবদ ভাতা প্রদান-সহ একাধিক দাবি উত্থাপন করা হয়।ICDS কর্মীদের অভিযোগ, বর্তমান বাজারদরে নির্ধারিত বরাদ্দে পরিষেবা পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ফলে শিশু ও মাতৃকল্যাণমূলক প্রকল্পের কাজেও নানা সমস্যা তৈরি হচ্ছে। তাই দ্রুত দাবিগুলি পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।এদিন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দীর্ঘদিনের দাবি-দাওয়া দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ICDS কর্মীরা।