Skip to content

গ্যাসের দাম বাড়তেই অটোভাড়ায় বাড়তি চাপ, অতিরিক্ত ভাড়া গুনে নাজেহাল নিত্যযাত্রীরা!

অভিজিৎ সাহা :  রান্নার গ্যাস ও সিএনজির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব এবার পড়তে শুরু করেছে শহরের অটো পরিষেবাতেও। সরকারিভাবে অটোভাড়া অপরিবর্তিত থাকলেও বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। ফলে প্রতিদিন অফিস বা কাজের জন্য যাতায়াত করা সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি টাকা দাবি করা হচ্ছে। অনেক রুটে আগের ভাড়ার তুলনায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এর ফলে প্রতিদিনের যাতায়াতে অতিরিক্ত খরচের চাপ পড়ছে সাধারণ মানুষের উপর।অন্যদিকে অটোচালকদের একাংশও সমস্যার কথা স্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, জ্বালানির দাম বাড়ার পাশাপাশি সিএনজি সরবরাহেও অনিয়ম দেখা দিচ্ছে। অনেক পাম্পে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে দূরের জায়গা থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।চালকদের দাবি, বিশেষ করে ‘কাটা গ্যাস’-এর দোকান থেকে গ্যাস কিনতে গেলে আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। সেই অতিরিক্ত ব্যয় সামলাতেই অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।তবে যাত্রীদের একাংশের বক্তব্য, সরকারিভাবে ভাড়া না বাড়লেও বাস্তবে প্রতিদিনই বেশি টাকা গুনতে হচ্ছে তাঁদের। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলেই অভিযোগ।পরিবহণ বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সমস্যার জেরে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অটো পরিষেবায় ভাড়া নিয়ে আরও অস্থিরতা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা বা ভাড়া পুনর্বিবেচনার দাবি আরও জোরালো হতে পারে।

Latest