ISL ছাড়ছে জামশেদপুর এফসি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ফুটবলাররা

ISL ছাড়ছে জামশেদপুর এফসি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ফুটবলাররা

নিজস্ব সংবাদদাতা :ভারতীয় ফুটবলে বড় ধাক্কা। আইএসএল ২০২৬ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর এফসি। টাটা গোষ্ঠীর মালিকানাধীন ক্লাবের এই সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়েছেন দলের ফুটবলাররা। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ক্লাব কর্তৃপক্ষের উদ্দেশে একটি আবেগঘন ভিডিও বার্তাও প্রকাশ করেছেন তাঁরা।আইএসএলে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ৫৫ লক্ষ টাকার অংশগ্রহণ ফি জমা দেয়নি জামশেদপুর এফসি। যদিও ইন্টার কাশী নির্ধারিত অর্থ জমা দেয়, জামশেদপুর তা না দেওয়ায় শেষ পর্যন্ত লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ক্লাব।ভিডিও বার্তায় ফুটবলাররা বলেন, “ডুরান্ড কাপের পর ক্লাব বন্ধ হয়ে যেতে পারে বলে শুনেছি। এই সিদ্ধান্তে আমরা হতবাক ও উদ্বিগ্ন। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছি। টাটা ফুটবল অ্যাকাডেমির ঐতিহ্য বজায় থাকুক, এই সিদ্ধান্ত আর একবার ভেবে দেখুন।”সূত্রের খবর, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই আইএসএলে আর বিনিয়োগ করতে আগ্রহী নয় টাটা কর্তৃপক্ষ। পরিবর্তে ক্লাব পরিচালনার খরচ কমিয়ে টাটা ফুটবল অ্যাকাডেমির উন্নয়নে বছরে কয়েক কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন জামশেদপুর এফসির ফুটবলার ও সমর্থকরা।