নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় স্বামীর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার (PMJJBY) ক্লেমের দুই লক্ষ টাকা পেলেন স্ত্রী সবিতা বাড়ি । জানা যায় বছর তিনেক আগে কিডনি জনিত সমস্যায় মৃত্যু হয়েছে গোপীবল্লভপুর এক নং ব্লকের ছাতিনশোল গ্রামের মধুসূদন বাড়ি । মধুসূদন বাড়ি নামে স্থানীয় রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সেভিং একাউন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার পলিসি করা ছিলো, সেই জন্য একাউন্ট থেকে প্রতি বছর ৪৩৬ টাকা কাটতো,জানা যায় ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে মৃত্যু হলে নমিনি ২ লক্ষ্য টাকা পাবেন।

স্বামীর মৃত্যুর পর নমিনি হিসেবে স্থানীয় রাষ্ট্রয়ত্ত ব্যাংক এর ছাতিনশোল শাখায় ওই টাকা পাওয়ার জন্য ক্লেম করেন স্ত্রী সবিতা। ব্যাংকে সমস্ত নথি জমা করা সত্ত্বেও এবং দীর্ঘ দিন ধরেই ক্লেমের টাকা না পাওয়ায় সবিতা ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ জানান আমরা ক্লেম করে দিয়েছি বেশি কিছু জানতে চাইলে জোনাল অফিস বা এল আই সি অফিসে চলে যান বলে অভিযোগ করেন সবিতা । ওই টাকা পাওয়ার আসা প্রায়ই ছেড়ে দিয়েছিলেন স্ত্রী সবিতা । সবিতা বাপের বাড়ি গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত গরুমা গ্রামে ঘুরতে এসে উক্ত সমস্যার কথা আলোচনা করায় বাপের বাড়ীর লোক ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নানান সাফল্যের কথা জানান এবং যোগাযোগ করেন গোপীবল্লভপুর দুই নং ব্লকের 'অধিকার মিত্র' রীতা দাস দত্ত এর সাথে।

সবিতা বাড়ীর লিখিত আবেদনের ভিত্তিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী একটি প্রি লিটিকেশান মামলা রুজু করেন। নোটিস করে ডেকে পাঠানো হয় রাষ্ট্রয়ত্ত ব্যাংকের শাখা প্রবন্ধক এবং ইন্সুরেন্স কোম্পানির শাখা প্রবন্ধককে। মামলার ৫ মাসের মধ্যেই সোমবার মামলার নিস্পত্তি হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে । ক্লেমের টাকা নিজের একাউন্ট এ পেয়ে আপ্লুত সবিতা বাড়ি বলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্যই আমি দুই লক্ষ টাকা পেলাম, আমার আড়াই বছরের সমস্যার সমাধান হলো মাত্র চার মাসে। এই টাকা ছেলের উচ্চ শিক্ষায় খুবই কাজে লাগবে।