Skip to content

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এফআইআর দায়ের!

অভিজিৎ সাহা : ৩রা এপ্রিল, শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে এফআইআর দায়ের করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, ৪ঠা এপ্রিল শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অভিযোগ দায়ের করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। ওইদিন থানায় উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।একইদিন বিকেলে যখন শান্তিলাল মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, জুন মালিয়া, যীশু সেনগুপ্ত,চিরঞ্জিৎ-এর মতো তারকারা রাজপথে নেমে রাহুলের জন্য বিচার দাবি করছিলেন, তখন অন্যদিকে আইনি লড়াইয়ের পথ বেছে নেন প্রিয়াঙ্কা সরকার।

upload in progress, 0

তিনি তালসারি থানায় দায়ের করা এফআইআর-এ ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত পাঁচজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন— সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।প্রিয়াঙ্কার অভিযোগ শুধুমাত্র অবহেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর অভিযোগও তুলেছেন। তাঁর এফআইআর-এ তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে—
প্রথমত,
তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি।
দ্বিতীয়ত, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশে শুটিং করা হচ্ছিল, যেখানে ন্যূনতম সুরক্ষাবিধিও মানা হয়নি।
তৃতীয়ত, রাহুলের মৃত্যুর পর প্রকৃত ঘটনা আড়াল করতে অভিযুক্তরা ভুয়ো তথ্য ছড়িয়েছেন বলে অভিযোগ।

নিজের বয়ানে প্রিয়াঙ্কা সরকার জানান, “আমি আমার স্বামীকে হারিয়েছি। প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কখনও ভাবিনি, যিনি আমাকে সারাজীবন পথ দেখিয়েছেন, তাঁকেই এভাবে হারাতে হবে। এই মানসিক অবস্থার কারণেই অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়েছে।”উল্লেখ্য, ২৯ মার্চ তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের।

৪ঠা এপ্রিল রাতেই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা-সহ একাধিক প্রবীণ অভিনেতা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল তালসারিতে যান। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে— বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে কি তবে কলাকুশলীদের জীবন এভাবেই অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকে? উত্তর খুঁজছে টলিপাড়া।

Latest