Skip to content

হুডখোলা গাড়িতে শক্তি প্রদর্শন, খড়্গপুর সদরে বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমা প্রদীপ সরকারের!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার খড়্গপুর সদর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হল। হুডখোলা গাড়িতে চেপে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার মনোনয়নপত্র জমা দিলেন।এদিন দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিলের সূচনা হয়। দলীয় পতাকা, স্লোগান এবং শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় প্রদীপ সরকারকে।

শোভাযাত্রা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে এগিয়ে যায়।এই বর্ণাঢ্য মিছিলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া, যার উপস্থিতি কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। মিছিল ঘিরে সাধারণ মানুষের কৌতূহলও ছিল চোখে পড়ার মতো।খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন প্রদীপ সরকার। মনোনয়ন জমার পর তিনি জানান, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদকে পাথেয় করেই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। পাশাপাশি খড়্গপুর সদরে উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিনের বিশাল শোভাযাত্রা স্পষ্ট করে দিল— এই কেন্দ্রের লড়াই এবার হতে চলেছে অত্যন্ত হাড্ডাহাড্ডি ও নজরকাড়া।

Latest