নিজস্ব সংবাদদাতা: IPL-2026 শুরুর আগেই বড় দায়িত্ব পেলেন Rinku Singh, Kolkata Knight Riders (কেকেআর)-এর নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁকে। দলের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন প্রধান কোচ Abhishek Nayar, নায়ারের কথায়, রিঙ্কু শুধু একজন দক্ষ ব্যাটার নন, গত কয়েক বছরে তিনি একজন পরিণত নেতাতেও পরিণত হয়েছেন। তাঁর ভাষায়, “দলে যোগ দেওয়ার পর থেকেই রিঙ্কুর সঙ্গে কাজ করার স্মৃতি বিশেষ। ক্রিকেটার হিসেবে যেমন উন্নতি করেছে, তেমনই নেতৃত্বের গুণও বেড়েছে। ও দলের জন্য অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে।” 2023 সালে Gujarat Titans-এর বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন রিঙ্কু। সেই মুহূর্ত আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। এরপর দেশের হয়ে ICC Men's T20 World Cup জয়ের সাফল্য তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

তবে কখনও অধিনায়কত্ব না করা সত্ত্বেও তাঁকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত কেন? নায়ার জানান, “আমরা চেয়েছিলাম, ও যেন শুধু ব্যাটিং নয়, বাড়তি দায়িত্বও নেয়। এখনই সঠিক সময়। আশা করি, ও অধিনায়ক Ajinkya Rahane-কে দারুণভাবে সাহায্য করবে।” দলের সহকারী কোচ Shane Watson রাহানেকে ‘ক্যাপ্টেন কুল’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, “রাহানে অত্যন্ত শান্ত ও সংযত, যা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বড় শক্তি।”নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রিঙ্কু নিজেও। তিনি বলেন, “একসময় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। এখন বিশ্বকাপ জয়ের পর কেকেআরের সহ-অধিনায়ক হওয়া আমার কাছে গর্বের। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই দায়িত্ব পালন করতে চাই।” পাশাপাশি সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ভালো সময়ের মতো খারাপ সময়েও যেন তারা দলের পাশে থাকেন। এদিকে অনুষ্ঠানের আবহে ছিল আনন্দ-উচ্ছ্বাস, গান-বাজনা ও আড্ডা। তবে আবেগঘন মুহূর্তও তৈরি হয়, যখন দলের তারকা Andre Russell-এর ১২ নম্বর জার্সি অবসর ঘোষণা করা হয়।একসময় বেঞ্চে বসে থাকা থেকে আজ দলের সহ-অধিনায়ক—রিঙ্কু সিংয়ের এই উত্থান যেন প্রমাণ করে, স্বপ্ন সত্যিই একদিন বাস্তব হয়।
