Skip to content

৩ মাসের মধ্যেই ধস! কলকাতা–বর্ধমান জাতীয় সড়কের ফ্লাইওভারের গার্ডওয়াল ভেঙে চাঞ্চল্য, যান চলাচল বন্ধ!

নিজস্ব সংবাদদাতা:বড়সড় বিপত্তি কলকাতা–বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়কে। বুধবার সকালে পূর্ব বর্ধমানের সরডাঙ্গা মোড় এলাকায় হঠাৎই একটি ফ্লাইওভারের গার্ডওয়াল ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই প্রায় ৪০ ফুট এলাকা জুড়ে ধস নামায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় Memari Police Station-এর পুলিশ ও ট্র্যাফিক বিভাগ। নিরাপত্তার স্বার্থে কলকাতা–বর্ধমানমুখী লেনে আপাতত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জাতীয় সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও চালকদের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন মাস আগেই এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ শেষ হয়েছিল।

এত অল্প সময়ের মধ্যেই ফ্লাইওভারের গার্ডওয়াল ধসে পড়ায় নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এত দ্রুত এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত মেরামতির পাশাপাশি স্থায়ী সমাধানের দাবিও তুলেছেন এলাকাবাসী।এ বিষয়ে ট্র্যাফিক বিভাগের ডিএসপি Ashish Mondal জানান, কলকাতা–বর্ধমান ফ্লাইওভারের সাইড লেনের একটি অংশ ধসে পড়েছে।

বর্তমানে ওই লেনটি সম্পূর্ণভাবে বন্ধ করে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরিদর্শন করার পরই মেরামতির কাজ শুরু করা হবে বলে জানান তিনি। ঘটনার জেরে সকাল থেকেই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ট্র্যাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

Latest